**সিলেটে কড়া নিরাপত্তা, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী**

0
118

সিলেটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঘোষিত কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পলাতক নেতারা নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভয়ভীতি সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে।গত শুক্রবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরের মির্জাজাঙ্গালে আকস্মিক মিছিল বের করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সিলেট-ঢাকা মহাসড়কে মশাল মিছিলের আরেকটি ভিডিও ভাইরাল হয়। এদিকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। র‌্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যদি কোনো নাশকতা হয়, তা প্রতিহত করতে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।” সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কার খবর নেই। তবে কোনো নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ। তাদের কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না। আমরা সতর্ক ও কঠোর অবস্থানে আছি।” তিনি আরও জানান, “সিলেটে এখনো কোনো নিরাপত্তা হুমকি দেখা যায়নি, তবুও নজরদারি বাড়ানো হয়েছে। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here