এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেকের চিত্র: প্রতিমন্ত্রী শাহে আলম

By admin
2 Min Read

রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য করে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকে দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি হাতিরঝিলের পরিবেশ উন্নয়নেও চলমান রয়েছে নানা উদ্যোগ। শনিবার (২৭ জুন) হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন লেক অব্যবস্থাপনার শিকার ছিল। এ পরিস্থিতি পরিবর্তনে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। তার আশা, আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক একটি আধুনিক ও আকর্ষণীয় রূপ পাবে। একই সঙ্গে গত এক মাস ধরে হাতিরঝিলে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে, যা নিয়মিত তদারকি করা হচ্ছে। হাতিরঝিলের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে নতুন  লোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। লেকের দুই পাশ ভরাট করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এছাড়া সন্ধ্যার পর যাতে হকাররা সেখানে অবস্থান করতে না পারেন, সে জন্য আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এডিস মশার লার্ভার উপস্থিতি আশঙ্কাজনক। বিভিন্ন রেস্টুরেন্ট, বাসাবাড়ি ও আবাসিক কোয়ার্টারের ৫০ শতাংশের বেশি স্থানে লার্ভা পাওয়া গেছে। এ কারণে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। স্কুল-কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় পর্যায় থেকেও প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। দেশকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করে মীর শাহে আলম বলেন, “আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, তবে অবশ্যই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে চাই।”

Share This Article
Leave a Comment