
মোটরযান বিক্রির পর মালিকানা হস্তান্তর সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। বিআরটিএ জানায়, অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পর নতুন মালিকরা প্রয়োজনীয় মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় পূর্ববর্তী মালিকের নামেই বহাল থাকে, যা নানা ধরনের জটিলতার সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ বিধান অনুসরণ না করায় অনেক ক্ষেত্রে অগ্রিম আয়কর, বিশেষ পরিস্থিতিতে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বিক্রেতার ওপর বর্তাচ্ছে। এ সমস্যা সমাধানে মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করেছে বিআরটিএ। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালিকানা হস্তান্তরের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হবে এবং একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হবে। একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন বলে জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে। আইন অনুযায়ী মালিকানা হস্তান্তর না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।