
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।