
মার্কিন সামরিক বাহিনী ইরানে পরিচালিত বলে দাবি করা সামরিক অভিযানের একটি সাদা-কালো ও ঝাপসা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ভিডিওটি তাদের আগের একটি পোস্টের ধারাবাহিকতা, যেখানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছিল। শনিবার প্রকাশিত ভিডিওতে ‘Unclassified’ (শ্রেণিবদ্ধ নয়) লেখা দেখা যায়। ফুটেজে বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য থাকলেও নির্দিষ্ট কোনো স্থাপনা বা লক্ষ্যবস্তু স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে প্রকাশিত ভিডিও থেকে হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বাহিনীও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এসব হামলা ঠিক কোন কোন স্থানে হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।