বিরোধীদল গঠন নিয়ে যা বললেন জামায়াত আমির

By admin
3 Min Read

দেশ পরিচালনায় কার্যকর সংসদ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ এবং শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশ সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটি দল সরকারি দল হিসেবে এবং আরেকটি দল বিরোধী দল হিসেবে থাকবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক ধারা।”

রোববার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে এক চাকায় গাড়ি চলে না—কমপক্ষে দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কাজ করে, তাহলে তাদের সহযোগিতা করা হবে। তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে অবস্থান নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড। নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, সেগুলো মুখের কথা ছিল না, বুকের কথা।”

দুর্নীতি ও বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সমাজব্যবস্থা আগাগোড়া দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি। একই সঙ্গে তিনি বলেন, বিচার বলতে কিছুই নেই—এমন পরিস্থিতি চলতে পারে না।

ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এত ঋণ খেলাপি কীভাবে সংসদ নির্বাচনে সুযোগ পায়? এদের হাতে দেশ কীভাবে নিরাপদ হবে?” যারা নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, তারা জনগণের আস্থা অর্জন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে এমন মানুষের যাওয়া দরকার যারা নিজের স্বার্থ নয়, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। জনগণের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না বলেও দাবি করেন তিনি। “জনগণের টাকা নিজের পকেটে রেখে আবার নেতা হতে চাওয়া লজ্জার,” বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, কারো ওপর সামান্য অবিচার হলেও জামায়াত প্রতিবাদ করবে। এমনকি সরকারি দলের কারো ওপর অবিচার হলেও প্রতিবাদ করা হবে বলে জানান তিনি। “অবিচার কোনো অবস্থাতেই মেনে নেব না,” বলেন তিনি।

সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তারেক রহমান কী নিয়ে আলাপ করবেন, সেটা তার মনের ব্যাপার। তবে তিনি যদি আমার সঙ্গে আলাপ করেন, দেশ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আলোচনা করব।”

শক্তিশালী বিরোধীদল গঠনের বিষয়ে তিনি বলেন, সংসদ কার্যকর রাখতে সরকারি দল ও বিরোধীদল—দুটোই প্রয়োজন। দেশ সঠিক পথে চললে সরকারি দল ও বিরোধীদল একসঙ্গে কাজ করবে। তবে দেশ ভুল পথে গেলে সেই পথে “চাকা চালানো হবে না” বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির মতো বিরোধীদল হবেন কি না—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় পার্টি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং শুধু ভোটের রাজনীতি থেকে নয়, জনগণের মন থেকেও উঠে গেছে। কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করতে পারেনি। জামায়াতে ইসলামী সেই ভুল করবে না বলেও জানান তিনি।

Share This Article
Leave a Comment