
-স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগর পুলিশের প্রশাসনিক শৃঙ্খলা দৃঢ় রাখার লক্ষ্যে অবশেষে কার্যকর হয়েছে বায়েজিদ থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলামের ৮ মাস আগের বদলি আদেশ। বিষয়টি দীর্ঘদিন অমীমাংসিত থাকায় স্থানীয় জনগণ ও সচেতন মহলের মধ্যে নানামুখী প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছিল। জানা যায়, প্রায় চার মাস আগে বদলির আদেশ জারি হওয়া সত্ত্বেও এসআই নুরুল ইসলাম পূর্ব কর্মস্থল ছাড়েননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও প্রশ্নের সৃষ্টি হয়েছিল—“কীভাবে একজন সাধারণ পুলিশ অফিসার বছরের পর বছর একই থানায় অবস্থান করতে পারেন এবং সরকারি বদলি আদেশও অমান্য করতে পারেন?” পাশাপাশি দায়িত্বকালীন সময়ে এলাকায় বিভিন্ন ধরনের অনিয়ম ও অভিযোগও উঠেছিল। পরিস্থিতি দৃষ্টিগোচর হলে পুলিশ কমিশনার হাসিব আজিজ পুনরায় Stand Released আদেশ জারি করেন। তাঁর দ্রুত ও সক্রিয় পদক্ষেপের ফলে ২৪ ঘণ্টার মধ্যে বদলি আদেশ কার্যকর হয়। এটি শুধু সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি নয়, বরং চট্টগ্রাম নগর পুলিশের স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার একটি প্রতীক হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় জনগণ ও সচেতন নাগরিকরা কমিশনার হাসিব আজিজের পদক্ষেপের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এটি প্রশাসনের দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, বদলি আদেশ কার্যকর হলে নতুন কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা হয়, যা বর্তমানে সম্পূর্ণ হয়েছে। চট্টগ্রামের সচেতন মহল আশা প্রকাশ করছে, ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় অবিচলভাবে গ্রহণ করা হবে এবং পুলিশ বাহিনী আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করবে। উল্লেখ্য, চট্রল চিত্রের সংবাদ প্রকাশের জেরেই বিষয়টি সামনে এসেছে। সত্যনিষ্ঠ ও নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদনের কারণে চট্রল চিত্র পুলিশ প্রশাসনের কাছে একটি বিশ্বস্ত তথ্যভিত্তিক সংবাদমাধ্যম হিসেবে স্বীকৃতি ও বিশ্বাস অর্জন করেছে।