
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসায় সকাল ৮টা থেকে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মাদ্রাসার মোট ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালার সূচনা হয় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা তৌহিদুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর হামদে বারিতালা পরিবেশন করেন হযরত ওমর (রা.) মডেল মাদ্রাসার শিক্ষক জনাব সাঈদ মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব রিয়াজুল হক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরানী বোর্ড চট্টগ্রামের প্রধান প্রশিক্ষক সলিমুল্লাহ খান। যিনি একই সঙ্গে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাই শিক্ষার সঙ্গে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শের সমন্বয় অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করবে এবং একটি আলোকিত সমাজ গড়ে উঠবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশিষ্ট লেখক, গবেষক এবং জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাহতাব হোসাইন মাজেদ। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার ভিত্তি হলো নৈতিকতা ও জবাবদিহিতা। একজন শিক্ষক যদি দায়িত্বশীল ও নৈতিক হন, তবে তাঁর শিক্ষার্থীরাও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ওসমান হায়দার, পরিচালক, হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসা। সভাপতির স্বাগত বক্তব্যে মাওলানা এইচ এম রবিউল ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ শিক্ষকই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। সমাপনী বক্তব্যে কর্মশালার উদ্যোক্তা এবং হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব এইচ এম গিয়াস উদ্দিন মেহেরি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করা। তিনি বলেন, শিক্ষক শুধু পাঠদাতা নন, বরং তিনি একজন নৈতিক দিশারী। তাঁর আচরণ ও আদর্শই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।