সৌদির বিভিন্ন কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি

0
3

সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়ার পরই আইনি সুরক্ষার মাধ্যমে তাকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করে সরকার।

শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সকাল ৮টার পর শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছায়। পরে নিহতের স্ত্রী কহিনুর আক্তার কাকলীর কাছে মরদেহ ও সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তা হস্তান্তর করা হয়।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। সেটি পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

প্রবাসী কর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। এ ধরনের সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

নিহত শাহেদ আহম্মেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। শাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি দুই সন্তানের জনক। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর নিহত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তাঁর মরদেহটি দেশে আনা ১১তম মরদেহ বলে জানান প্রতিমন্ত্রী।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। ফলে দেশটিতে যুদ্ধ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশি কর্মীদের হতাহত হওয়ার ঝুঁকি থাকে।

ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়ানোর প্রত্যাশা জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার আর কোনো বাংলাদেশি নাগরিকের এমন পরিণতি দেখতে চায় না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হোক এবং কোনো দেশের নাগরিক যেন এ ধরনের নৃশংস হামলার শিকার না হন, সে জন্য তিনি দোয়া করেন।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো ও নবায়নের বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here