ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি

0
10

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহনের জন্য নতুনভাবে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে ট্রেনটি নতুন রুটে চলাচল শুরু করবে। একই সঙ্গে কার্যকর হবে এর নতুন সময়সূচি। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় যাত্রা শুরু করে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় মধ্যবর্তী এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে এসব এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং রেলওয়ের আয় বাড়ারও সম্ভাবনা রয়েছে।

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্র জানায়, নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এ রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here