চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

0
36

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ মো. রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট স্থাপন করে আভিযানিক দল। পরে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়।

এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা রাখা হয়েছে বলে জানান। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে সেখান থেকে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here