কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ

0
12

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ থেকে গত ১৩ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।

প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখা মরিচ্যা হাজিরপাড়া এলাকার মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান।

প্রফেসর ড. মোকতার আহমেদ ১৯৮২ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯২ সালের অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ সালের অক্টোবরে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ১৯৯৭ সালের জুনে সহযোগী অধ্যাপক হন। ২০০৪ সালের জানুয়ারিতে অধ্যাপক পদে উন্নীত হয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৬ সালের মে থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং একই সময়ে বোটানিক্যাল গার্ডেনের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পল্লী উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here