চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২১ জেলে গ্রেপ্তার

0
6

চাঁদপুর প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ। এ সময় ১০ মণ ইলিশ, ছয়টি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাতভর নৌ-পুলিশের এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ছয়টি নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে ইলিশ শিকারে ব্যবহৃত নৌকা, মাছ ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ওসি মো. আজমগীর হোসাইন জানান, মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরুর প্রথম সপ্তাহে ৫০ কেজি ইলিশ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here