ঢাকা জুড়ে ছিনতাইকারী, মাদক কারবারি ও সাইবার অপরাধীসহ গ্রেফতার ৬৭
সেপ্টেম্বর মাস জুড়ে কাওরান বাজার, যাত্রাবাড়ী, খিলক্ষেত ও বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, হেরোইন, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশবিশেষ প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অন্তর্গত সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ সেপ্টেম্বর ২০২৬ মাস জুড়ে রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুরো মাসব্যাপী পরিচালিত এই সমন্বিত অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামী এবং সাইবার জালিয়াতিতে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইন, বোতলজাত মদ, সুইচ গিয়ার চাকু, কাঁচি, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং সাইবার অপরাধে ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের প্রাপ্ত তথ্য বিবরণী পর্যালোচনা করে বিস্তারিত অভিযান সংক্রান্ত তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো:০২ সেপ্টেম্বর ২০২৬ (কাওরান বাজার ও বনানী):

এমসিসি নং ৮৪৯/২৬ এবং জিডি নং-১৩/২৬ মূলে এসআই (নি:) মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিমের উত্তরা ও গুলশান এলাকায় অভিযান পরিচালনাকালে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকা থেকে রাত ০১:০০ ঘটিকায় ছিনতাই করাকালীন অবস্থায় রিয়াদ (২৭) ও সাইফুল (২৯)-কে গ্রেফতার করা হয়। একই রাতে রাত ০২:০০ ঘটিকায় বনানী থানাধীন কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার নিকট হতে হৃদয় (১৯) ও কালাচান মিয়া (৩০)-কে আটক করা হয়। আসামীদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা নং-০১, তারিখ: ০২/০৯/২০২৬ খ্রি., ধারা: ৩৯৩ দণ্ডবিধি রুজু করা হয়েছে। ০২ ও ০৩ সেপ্টেম্বর ২০২৬ (রমনা, যাত্রাবাড়ী ও দক্ষিণখান):

সিটিটিসির জিডি নং-২৬ মূলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোর্শেদুল হাসানের নেতৃত্বে এসআই শশাংক শেখর মন্ডল এবং সঙ্গীয় ফোর্স ০২ সেপ্টেম্বর রাত ২২:৪০ ঘটিকায় রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের দারুসুন্নাহ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ মিন্টু (২৯)-কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৪টি প্যাকেটে মোট ০৭ কেজি গাঁজা (যার আনুমানিক মূল্য ২,১০,০০০ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা নং-৪, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রি., ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়। অন্যদিকে, ০৩ সেপ্টেম্বর এমসিসি নং ৮৫৮/২৬ ও জিডি নং ২২/২৬ মূলে এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে রাত ২১:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী গোলচত্বর থেকে ছিনতাই করাকালীন মোঃ ইফাত (২২) ও এমদাদুল (১৯)-কে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। একই সাথে দক্ষিণখান থানার মামলা নং ১২(৫)২২, জিআর ১৯৯/২২ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ অন্তর আহম্মেদ (২৮)-কে গ্রেফতার করে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়। ০৪ সেপ্টেম্বর ২০২৬ (কাওরান বাজার):

এমসিসি নং ৮৬৮/২৬ ও জিডি নং ৫৩/২৬ মূলে এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় রাত ০১:০৫ ঘটিকায় অভিযান চালিয়ে ছিনতাই করাকালীন মোঃ রনি (৩১)-কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৬ (মেয়র হানিফ ফ্লাইওভার):

এমসিসি নং ৯১২/২৬ ও জিডি নং ১৪৪/২৬ মূলে এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে শাহজাহানের চায়ের দোকানের সামনে রাত ১৯:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ও ৪ পুরিয়া হেরোইনসহ সোহান (১৮)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা নং-৩১, তারিখ: ০৮/০৯/২০২৬ খ্রি., ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। এ ছাড়া রাত ২০:০৫ ঘটিকায় একই এলাকা হতে ছিনতাই করাকালীন মোঃ সাজ্জাদ (২১)-কে গ্রেফতার করা হয়। ০৮ সেপ্টেম্বর ২০২৬ (কাচ্চি ভাই, কাওরান বাজার):

এমসিসি নং-৯১৬/২৬ ও জিডি নং-১৪৮/২৬ মূলে এএসআই (নি:) মোঃ রাফিকউদ্দৌলার নেতৃত্বে তেজগাঁও থানাধীন কাওরান বাজার মেট্রোরেলের নিচে কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে রাত ০০:৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে ১ বোতল (৭৫০ মিলি) CAREW’S fine brand মদসহ মাদকসেবী আব্দুল আলিম (৫০) ও শাহিন আহমেদ (৪৯)-কে গ্রেফতার করে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়। ০৯ সেপ্টেম্বর ২০২৬ (আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা):

এমসিসি নং-৯২৭/২০২৬ ও জিডি নং-১৮৮ মূলে বিকাল ১৭:০০ টা হতে রাত ২৩:৫৯ টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ফুটপাতের ওপর থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ মোজাহিদ (২৫)-কে গ্রেফতারপূর্বক আন্তর্জাতিক বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। ১০ ও ১১ সেপ্টেম্বর ২০২৬ (বিমানবন্দর ও যাত্রাবাড়ী):
১০ সেপ্টেম্বর এমসিসি নং-৯৩০/২৬ ও জিডি নং-১৯৬/২৬ মূলে এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে বিমানবন্দর থানাধীন বাবুস সালাম জামে মসজিদের সামনে রাত ০১:৪৫ ঘটিকায় ৩৮ পুরিয়া (১৫৫ গ্রাম) গাঁজাসহ (মূল্য ৩,০০০ টাকা) মোঃ ফারুক গাজী (৫২)-কে গ্রেফতার করা হয়। ১১ সেপ্টেম্বর এমসিসি নং-৯৪৪/২৬ ও জিডি নং-২২৩/২৬ মূলে রাত ১৯:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ রেলগেটের পূর্ব পাশে মোঃ রিফাত (১৯), রবিউল (১৯) ও সামাদ (৪৮)-কে ১০০ পুরিয়া (২১৫ গ্রাম) গাঁজাসহ (মূল্য ৫,০০০ টাকা) গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা নং-৪৩, তারিখ: ১২/০৯/২০২৬ খ্রি. রুজু করা হয়। ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৬:

১২ সেপ্টেম্বর জিডি নং-২৫০/২৬ মূলে রাত ২২:৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৪ জন আসামী গ্রেফতার করা হয়। ১৩ সেপ্টেম্বর জিডি নং-২৭৩/২৬ মূলে ১৮:৩০ ঘটিকায় আরও ২ জন আসামী গ্রেফতার হয়। ১৩ সেপ্টেম্বর ২০২৬ (সাইবার নিরাপত্তা আইন ও মাদক অভিযান):
সিটিটিসির জিডি নং-২৪৮/১২-০৯-২০২৬ মূলে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রাহাৎ খানের নেতৃত্বে রেকর্ড অ্যান্ড এ্যানালাইসিস টিম ফেসবুকে সিডিআর, এনআইডি, জন্ম নিবন্ধন ও এসএমএস কন্টেন্ট বিক্রির বিজ্ঞাপনের সত্যতা পেয়ে মগবাজার-কাকরাইল রাস্তার আর-দীন হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। রাত ০২:৩০ ঘটিকায় ১টি ইনফিনিক্স মোবাইল ও ৪০ পাতার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আলামতসহ অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা নং-১৫, তারিখ: ১৩/০৯/২০২৬ খ্রি., ধারা: সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর ১৮(২)গ/২১/২১(১)/২২(২)/২৪/২৭ রুজু করা হয়। একই দিন জিডি নং-২৭০ মূলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তার মোড়ে আকিজ পাম্পের উত্তর পাশে রাত ১৯:৫০ ঘটিকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোর্শেদুল হাসানের নেতৃত্বে ০৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা নং-১৬, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রি. দায়ের করা হয়। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৬ (যাত্রাবাড়ী ও অন্যান্য):

১৪ সেপ্টেম্বর এমসিসি নং ৯৭৪/২৬ ও জিডি নং ২৯৪/২৬ মূলে রাত ১৮:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকা হতে ৩টি ছিনতাইকৃত মোবাইলসহ মোঃ সাজিম প্রকাশ সানি (২১), মোঃ রমজান (২৫), মোঃ রিফাত (২৪), মোঃ জুবায়ের আহমেদ (২০) ও মোঃ মেহেদি হাসান (২৫)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬০, তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রি., ধারা: ৩৯৯/৪০২ দণ্ডবিধি রুজু করা হয়। ১৫ সেপ্টেম্বর এমসিসি নং ৯৮৬/২৬ ও জিডি নং ৩১৭/২৬ মূলে রাত ২১:১৫ ঘটিকায় ১টি চাকু ও ১টি কাঁচিসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ১৬ ও ১৭ সেপ্টেম্বর ২০২৬ (যাত্রাবাড়ী এলাকা):

১৬ সেপ্টেম্বর জিডি নং ৩৪০/২৬ মূলে রাত ২৩:১৩ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গ্রীন হেলথ হাসপাতালের সামনে থেকে ১টি বিদেশি সুইচ গিয়া চাকু, ১টি কাঁচি ও ৪টি ছিনতাইকৃত মোবাইলসহ জাহিদ (২৩), মোঃ সুমন বেপারী (২৭) ও মোঃ সিফাত বেপারী (২৩)-কে গ্রেফতার করা হয়। ১৭ সেপ্টেম্বর জিডি নং ৩৬৪/২৬ মূলে রাত ২১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের আইল্যান্ড হতে ২টি ছিনতাইকৃত মোবাইলসহ ইব্রাহিম (২৫) ও আল আমিন হোসেন বেপারী (২৪)-কে গ্রেফতার করা হয়। ১৯ ও ২১ সেপ্টেম্বর ২০২৬ (যাত্রাবাড়ী এলাকা):
১৯ সেপ্টেম্বর জিডি নং ৫২৭/২৬ মূলে রাত ১৯:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ছিনতাই করাকালীন মোঃ সুজাল হোসাইন রিমন (২২)-কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী যাত্রাবাড়ী থানার মামলা নং-৭১(২)২৪ (ধারা-৩৮৫/৩৮৬ পেনাল কোড)-এর পরোয়ানাভুক্ত আসামী। ২১ সেপ্টেম্বর জিডি নং ৪৮৩/২৬ মূলে রাত ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী গোলচত্বর থেকে ইমাম হোসেন (৫৫) ও মুন্না (২০)-কে গ্রেফতার করা হয়। মুন্নার বিরুদ্ধে মুগদা থানার মামলা নং-০৫(৪)২৩ (ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)-এর ১টি জিআর পরোয়ানা মুলতবি ছিল। ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৬ (কাওখালি ও খিলক্ষেত):

২২ সেপ্টেম্বর জিডি নং-৫৩৩/২৬ মূলে রাত ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তা হতে ছিনতাই করাকালীন মোঃ আকাশ হাওলাদার (২৩)-কে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ২৩ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি নং-৫৭৩ মূলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মোর্শেদুল হাসানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল কাফি ও টিম দুপুর ১৪:৫৫ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-০২, ১৫ নং রোডের মাথায় জোয়ারসাহারা রোডের মোখলেছের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। সেখান থেকে ৫১ গ্রাম হেরোইন (যার মূল্য ৪,০৮,০০০ টাকা) এবং ৫০ পিস ইয়াবা (যার মূল্য ১৫,০০০ টাকা) সহ শিল্পী রাণী শীল (২৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা নং-১৭, তারিখ: ২৩/০৯/২০২৬ খ্রি. রুজু করা হয়। ২৩, ২৪ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬:

২৩ সেপ্টেম্বর জিডি নং ৫৬৩/২৬ মূলে সকাল ০৬:৩০ ঘটিকায় ২ জন এবং ২৪ সেপ্টেম্বর জিডি নং ৬০৮/২৬ মূলে সকাল ০৯:৩৫ ঘটিকায় ২ জন আসামীকে আটক করা হয়। ২৪ সেপ্টেম্বর জিডি নং ৬০৮/২৬ মূলে বিকাল ১৫:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী চৌরাস্তায় টমেটোর দোকানের সামনে থেকে ১টি রেডমি মোবাইল ও ২টি করাতের ধারালো ব্লেডসহ মোঃ রিফাত মোল্লা (২২) ও মোঃ রমজান (২৮)-কে গ্রেফতার করা হয়। ২৭ সেপ্টেম্বর জিডি নং ৬৭৩/২৬ মূলে যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে আলিফ (২৬), রবিউল (১৯) ও রাকিব (২১)-কে আটক করে পুলিশ। ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মাদক ও অন্যান্য গ্রেফতার):

২৮ সেপ্টেম্বর জিডি নং-৬৮০/২৬ মূলে রাত ০২:৩০ ঘটিকায় ২ জন আসামী গ্রেফতার করা হয়। একই দিন জিডি নং-৭০৩ মূলে বিকাল ১৫:৩০ ঘটিকায় পরিচালিত অভিযানে ১৬:০০ ঘটিকায় ২,১২৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং যাত্রাবাড়ী থানায় মামলা নং-২৮, তারিখ: ২৮/০৯/২০২৬ খ্রি. রুজু হয়। ২৯ সেপ্টেম্বর জিডি নং ৭১১/২৬ মূলে রাত ০১:৩০ ঘটিকায় আরও ২ জন আসামী গ্রেফতার হয়। ৩০ সেপ্টেম্বর ২০২৬ (সাইবার মামলার আসামী গ্রেফতার):

২৯ সেপ্টেম্বরের জিডি নং-৭২৬ মূলে ৩০ সেপ্টেম্বর সাইবার সুরক্ষা আইনের নিয়মিত মামলার (রমনা মডেল থানা মামলা নং-১৫, তারিখ: ১৩/০৯/২০২৬ খ্রি.) আসামী ১ জনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১টি OPPO A5X ও ১টি INNOVA 30 স্মার্টফোন উদ্ধার করা হয়। সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ জানিয়েছে, জনস্বার্থে ও ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এই বিশেষ প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
