চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তারসহ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল কাজীর দেউরী নেভাল এভিনিউ রোডে চিটাগাং অফিসার্স ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন, মো. রানা এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আসিফ (১৬) ও মো. সাইমনকে (১৬) গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। ২ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৭ এবং এতে দণ্ডবিধির ৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের বিরুদ্ধে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
