গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস

0
26

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আসামিপক্ষের ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় বাদীপক্ষ স্বাক্ষর করে জানিয়েছে, আসামি জামিনে মুক্তি পেলে বা খালাস পেলে তাদের কোনো আপত্তি নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি আদালতকে জানান।আইনজীবী বলেন, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে এবং ইতোমধ্যে ওই অর্থ নিহতের পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো ভয়ভীতি বা চাপ প্রয়োগ করা হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, নিহত মেহেদী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তার পরিবারের সদস্যদের দেখাশোনার বিষয় বিবেচনা করেই মধ্যস্থতার মাধ্যমে অর্থ দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে আসামির জামিন বা খালাসের বিষয়ে কোনো আপত্তি নেই বলে আপসনামায় উল্লেখ করা হয়েছে। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আপসের বৈঠক একটি ডেভেলপার কোম্পানির কার্যালয়ে হয়। সেখানে দুই পক্ষের প্রতিনিধি ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারিধারার ১ নম্বর সড়কে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় একটি নীল রঙের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে  মেহেদীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকে কিশোর আজান আলী শরীফ বেরিয়ে আসার ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও প্রথমে মামলায় তার নাম ছিল না। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় প্রথমে গাড়িচালক আকাশ মারককে আসামি করা হয়। পরে আজানের গাড়ি চালানোর বিষয়টি সামনে আসায় মামলার তদন্ত ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গেছে, আজান আলী শরীফ গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা বাংলাদেশ বিমানের পাইলট আব্বাস আলী শরীফ। দুর্ঘটনায় ব্যবহৃত প্রোটন এস৭০ গাড়িটি তার মা সিগমা আব্বাসের নামে নিবন্ধিত বলে জানা গেছে। এদিকে মামলায় নাম থাকা আকাশ মারক এখনও পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here