
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার শফির টিলার একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যরা পালিয়ে গেলেও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া/তরবারি, দুটি রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রডসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার টেস্টার মোবারক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের অন্যতম সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।