ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার স্বীকারোক্তি, বিশ্বকাপের পর নতুন করে বিতর্ক

By admin
2 Min Read

বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ঘিরে দুর্নীতির অভিযোগের আলোচনা থামছে না। এর মধ্যেই নতুন করে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বিভিন্ন ফুটবল ম্যাচ ও টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেতে ফিফার কর্মকর্তাদের বিপুল অঙ্কের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন ব্যবসায়ী। বুয়েনস এইরেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ফুল প্লের মালিক হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস মার্কিন তদন্তকারীদের কাছে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।২০১৫ সালে ফিফাকে ঘিরে বড় ধরনের দুর্নীতির অভিযোগ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে ফিফা, কনকাকাফ ও কনমেবল আয়োজিত বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বণ্টনে অনিয়ম করা হয়েছে। ওই বছরের ২৭ মে সুইজারল্যান্ডের জুরিখের একটি পাঁচতারকা হোটেল থেকে মার্কিন বিচার বিভাগের অনুরোধে ফিফার সাতজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগের জেরে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারও পদ হারান। দীর্ঘদিন ধরে চলা সেই তদন্তে এবার নতুন তথ্য যুক্ত হয়েছে। মার্কিন তদন্তকারীদের কাছে জিনকিস বাবা-ছেলে জানিয়েছেন, ফিফার ম্যাচ ও বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য তারা কর্মকর্তাদের লাখ লাখ মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। তাদের প্রতিষ্ঠান ফুল প্লে বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়ার জন্য এসব অর্থ প্রদান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরেও বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে জিনকিসদের এই স্বীকারোক্তি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

Share This Article
Leave a Comment