আজ সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকায়

By admin
1 Min Read

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। পিজিসিবির অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় সবচেয়ে বেশি লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে ঢাকায়। এ অঞ্চলে সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট এবং রাজশাহীতে ৩০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। পিজিসিবির পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর অঞ্চলে ২৫০ মেগাওয়াট, চট্টগ্রামে ১৯০ মেগাওয়াট, সিলেটে ১৫০ মেগাওয়াট এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকার পর ময়মনসিংহ ও খুলনায় বিদ্যুতের ঘাটতি বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে আজ সন্ধ্যার পিক সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপ থাকতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।

Share This Article
Leave a Comment