সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, অস্ত্রসহ কালা মোবারক গ্রেপ্তার

By admin
2 Min Read

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির পর একাধিক হত্যা মামলার আসামি মুহাম্মদ মোবারক হোসেন ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন ফটিকছড়ির শাহনগরের মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোবারক বড় সাজ্জাদ বাহিনীর প্রধান শুটার। তিনি বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী বলেও দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যার তদন্তে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় কয়েকজনকে গ্রেপ্তারের পর মোবারকের অবস্থান শনাক্ত করা হয়।  অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় পিস্তল। এর মধ্যে ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি, ৭.৬৫ এমএম পিস্তলটি ইতালির এবং রিভলবারটি পাকিস্তানের তৈরি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ৯ এমএমের ১৮ রাউন্ড ও ৭.৬৫ এমএমের পাঁচ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি পিস্তলের গুলির খোসা এবং চারটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ৯ এমএম ‘তরাস’ পিস্তলটি প্রাথমিকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রটি কীভাবে অপরাধীদের হাতে পৌঁছেছে, তা তদন্ত করা হচ্ছে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্রসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার অস্ত্রের উৎস, এসব অস্ত্রের মাধ্যমে সংঘটিত অপরাধ এবং গ্রেপ্তারদের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment