ডেঙ্গুতে ঢাকার বাইরে পাঁচ জেলায় বাড়ছে ঝুঁকি

0
24

বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ এখন আর শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরেও কয়েকটি জেলায় দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, ময়মনসিংহ ও গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে ২৬ হাজার ৫০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে শুধু আগস্টের প্রথম ১৯ দিনেই প্রায় ১১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৯ হাজার ২০০-এর বেশি রোগী। ঢাকার বাইরে আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা। চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০০-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাতেও খুলনা শীর্ষে—এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা পিরোজপুরে এ বছর ১ হাজার ২০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ জেলায় মৃত্যু হয়েছে একজনের। ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৪ জন। জেলাটিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ছয়জনের। এদিকে ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। চলতি বছর সেখানে ৭২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সার্বিকভাবে রাজধানী ঢাকাতেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ঢাকায় সাত হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। তবে রাজধানীর বাইরে কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here