
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাকির হোসেন ইমনকে সাংবাদিকদের সব সংগঠন থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সাংবাদিকদের নিয়ে অশালীন ও মানহানিকর মন্তব্যের মাধ্যমে তাদের সামাজিক ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিক সমাজের মর্যাদা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় নারীদের অংশগ্রহণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলোকে কঠোর অবস্থান নিতে হবে। মানববন্ধন থেকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ সাংবাদিকদের সব সংগঠন থেকে জাকির হোসেন ইমনকে বহিষ্কার এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিক ও আইনসম্মতভাবে সমাধান করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।