সিএমপির ডিবি (পশ্চিম) পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

0
39

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিএমপির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে  (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (পশ্চিম) পুলিশের একটি আভিযানিক দল। অভিযানে মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ী) এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করতেন। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে শাহীন বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, অস্ত্রটির উৎস এবং এটি কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না—সেসব বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here