আবাসিক গ্যাস সংযোগে দ্রুত পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি

0
67

আবাসিক গ্যাস সংযোগের দীর্ঘসূত্রতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রতি খোলা চিঠির মাধ্যমে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গ্রাহক-গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন,  বাংলাদেশের সাধারণ সম্পাদক একে এম অলিউল্লাহ হক। খোলা চিঠিতে দাবি করা হয়, ২০১৫ সালে পেট্রোবাংলার অধীন 0৬টি সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে প্রায় ২ লাখ ১৫ হাজার আবাসিক গ্রাহকের কাছ থেকে ডিমান্ড নোট ইস্যু করে সংযোগ ফি ও জামানতসহ বিভিন্ন খাতে অর্থ নেওয়া হলেও, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা এখনো গ্যাস সংযোগ পাননি। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ঠিকাদাররা গত ১১ বছর ধরে সংযোগ কার্যক্রম সম্পন্নের অপেক্ষায় রয়েছেন। অথচ ২০২৪ সালের সরকারি নীতিমালা (গেজেট) অনুযায়ী, আবেদন নিষ্পত্তি করে ১৮ কার্যদিবসের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার বিধান রয়েছে। চিঠিতে আরও বলা হয়, সংযোগ না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে প্রান্তিক ঠিকাদারদের। অনেক ক্ষেত্রে তারা গালমন্দ, অপমান ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, যা তাদের স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তুলেছে। সংগঠনের দাবি, সিরিয়ালে থাকা ২ লাখ ১৫ হাজার গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হলে দেশের মোট দৈনিক গ্যাস ব্যবহারে মাত্র ১ শতাংশের মতো বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে এবং অবৈধ গ্যাস সংযোগের প্রবণতাও কমে আসবে। এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে দ্রুত আবাসিক গ্যাস সংযোগ প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে প্রান্তিক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ফেডারেশন। সংগঠনটির ভাষ্য, সরকারের একটি নির্দেশেই লক্ষাধিক গ্রাহক এবং হাজারো ঠিকাদার পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here