
কিশোরগঞ্জের বাজিতপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো- মীরারবন্দ গ্রামের সুজন মিয়ার ছেলে মো. তাসিন (৫) এবং একই এলাকার শাওন মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তাসিন ও মাওয়া বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে তারা দুজনই পাশের খালে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনরা খালে নেমে তাদের সন্ধান চালান। একপর্যায়ে খাল থেকে তাসিন ও মাওয়ার মরদেহ উদ্ধার করা হয়। বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, খালের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৪ জুলাই) কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।