
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নৌপ্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন নৌপ্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।