
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই আইফোনসহ চোরাই মোবাইল ফোন কেনাবেচা চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে চকবাজার থানার গুলজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই (নিঃ) গিয়াস উদ্দিন, এএসআই (নিঃ) হুমায়ুন কবির, এএসআই মো. হানিফ হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে অভ্যাসগতভাবে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত মো. রোহিত উদ্দিন (২২)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি চোরাই আইফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা মোবাইলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই মোবাইল কেনাবেচা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।