ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে

By admin
2 Min Read

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭ হাজার ৮১৪টি নিম্নআয়ের পরিবারের নারী প্রধানকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশুর উন্নয়ন নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ভিডব্লিউবি কার্যক্রম, মা ও শিশু সহায়তা কর্মসূচি, নারীদের ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম। তিনি জানান, নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ট্রমা কাউন্সেলিং সেন্টারসহ বিভিন্ন সহায়তা ব্যবস্থা চালু রয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে, যেখানে আর্থিক সহায়তা বাড়ানো, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা এবং টিকাদান অন্তর্ভুক্ত করা হবে। নারীর অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ, নগদ সহায়তার সঙ্গে জীবিকা সহায়তা যুক্ত করা এবং শহর-গ্রামভিত্তিক পৃথক মডেল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নারী উদ্যোক্তা বৃদ্ধি ও বিপণন নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উন্নয়নে বাংলাদেশ শিশু একাডেমি বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। পথশিশু পুনর্বাসনে আবাসিক সুবিধা, শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং কর্মজীবী মায়েদের জন্য ৬৪টি দিবাযত্ন কেন্দ্র চালু রয়েছে। উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে হাজারো নারীকে প্রশিক্ষণ ও জীবিকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

Share This Article
Leave a Comment