বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

By admin
2 Min Read

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম অভিবাসন বিষয়ক এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য বুধবার (৮ এপ্রিল) মালয়েশিয়া সফরে যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি এ খাতে প্রথম উচ্চপর্যায়ের সফর। বৈঠকে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, শ্রম অভিবাসনে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তোলা হবে। এছাড়া মধ্যস্বত্বভোগী কমানো, অভিবাসন ব্যয় হ্রাস, নির্ভরযোগ্য নিয়োগকারী সংস্থার ব্যবহার এবং আটকে থাকা কর্মীদের দ্রুত নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়। যৌথ বিবৃতিতে মালয়েশিয়ার পক্ষ থেকে প্রযুক্তিনির্ভর ও এআইভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানানো হয়। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা এবং শ্রমিকদের ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদ প্রদান এবং তথ্য বিনিময়ের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে এ বিষয়ে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ।

Share This Article
Leave a Comment