
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখনও একই এলাকায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের পাঁচটি বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একই সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ও শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে শনিবার সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার প্রবণতা থাকতে পারে।