
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এনসিপি ছাড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলে এবার নিজেই তাঁর সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরলেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডা. তাসনিম জারা বলেন, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন আনার লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পথ বেছে নিয়েছেন। তিনি বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার ঘাটতি প্রকট। অনেক ক্ষেত্রে যাঁদের জবাবদিহির আওতায় থাকার কথা, তাঁরাই আবার নিয়োগদাতা—ফলে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে ধারাবাহিক আলোচনা ও উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ডা. তাসনিম জারা আরও বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের মনোভাবের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায় এবং পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে আর মেনে নিতে রাজি নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাঁকে এনসিপি ছাড়ার সিদ্ধান্তে পৌঁছাতে ভূমিকা রেখেছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে পরবর্তীতে তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।