চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬ উদ্বোধন

0
147

 সাগরের নীল হাওয়ার সঙ্গে মিশে গেল হাজারো ফুলের সুবাস। রঙিন পাপড়ির ঢেউয়ে আজ উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের ডিসি পার্ক। এখানেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের বৃহত্তম ফুল উৎসব— “চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬”। আকর্ষণীয় আলোকসজ্জা ও বর্ণিল ফুলের নকশায় নতুন রূপে সাজানো ডিসি পার্কে এই উৎসবকে ঘিরে জেলা প্রশাসন, চট্টগ্রামের সুপরিকল্পিত ও বৃহৎ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এটি শুধু চট্টগ্রামের জন্য নয়, বরং সারাদেশের মানুষের জন্য আনন্দের একটি উপলক্ষ। এই আয়োজন প্রমাণ করে—সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে প্রশাসনও মানুষের বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠতে পারে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে নির্মল আনন্দ উপভোগ করবেন এবং এই উদ্যোগ অন্য জেলাগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; জনাব মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল শোভা পাচ্ছে। এবছর দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি—যা শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী সবার জন্য বাড়তি আনন্দ যোগ করেছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুলের সৌন্দর্যের সঙ্গে উপভোগ করা যাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে আরও প্রাণবন্ত করতে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ এবং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। বিশেষ আকর্ষণ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়েছে। পাশাপাশি স্থান পেয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্ণার, যা দর্শনার্থীদের ইতিহাস সচেতনতার বার্তা দিচ্ছে। উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া চট্টগ্রাম ফুল উৎসব–২০২৬ চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উৎসব সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন—যেখানে ফুল শুধু সৌন্দর্য নয়, হয়ে উঠেছে আনন্দ, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here