**ধর্মের নামে প্রতারণার অভিযোগ, জনগণের কল্যাণে পরিকল্পনা চাই: সালাহউদ্দিন**

0
131

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তিনি বলেন, *“এরা বলছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি সরাসরি জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ইহজগতে মানুষের জীবন-জীবিকার জন্য তাদের কোনো নীতি, আদর্শ বা পরিকল্পনা নেই। শুধুই ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণকে প্রতারণা করছে।”* তার ভাষায়, জনগণ ইতোমধ্যে তাদের আসল চেহারা চিনে ফেলেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আরও বলেন, *“আমরা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াতে চাই না। আমরা চাই মানুষের কল্যাণে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে। সাধারণ মানুষ যেন সহজ ভাষায় বিএনপির উন্নয়ন পরিকল্পনা বুঝতে পারে—সেইভাবে প্রচার করতে হবে।”* তিনি মন্তব্য করেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখায়, তাদের আগে জানা দরকার ‘বাসস্টেশনটা কোথায়’। জনগণ এসব বুঝে, তাই রাষ্ট্র পরিচালনায় আগেভাগে কার্যকর পরিকল্পনা করা না হলে তা নিজেদের ব্যর্থতার পথ তৈরি করবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। সাত দিনব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি ‘আগামীর বাংলাদেশ’ নিয়ে জনমত সংগ্রহ করবে, যার ভিত্তিতে তৈরি হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন। গতকাল শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here