যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক যুবককে আটক করেছে। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে সড়র উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে তার বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক লিটন গাজী (৪০) যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে এবং দীর্ঘদিন ধরে মধুগ্রামে বসবাস করছিলেন। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই লিটনের বাড়িতে হানা দেয় ডিবির একটি দল। তার ঘরের বক্সখাটে লুকানো অবস্থায় ৭.৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, লিটন গাজী দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্রগুলো কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও কক্সবাজারে অস্ত্রের চালান পাঠানোর কথা স্বীকার করেছেন। তার সহযোগীদের শনাক্তে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
