খালেদা জিয়ার ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়

0
122

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার এই ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থার ওপর বিশ্বের বিভিন্ন শীর্ষ গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করছে। কাতারভিত্তিক আল জাজিরা ডা. এ জেড এম জাহিদ হোসেন—খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য—এর বরাতে শিরোনাম দিয়েছে: *খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া*। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্য উদ্ধৃত করে গালফ নিউজও একই শিরোনামে প্রতিবেদন করেছে। পাকিস্তানের ডন নিউজ, আরব নিউজ এবং ভারতের এনডিটিভি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। এনডিটিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—*বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি*। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু এবং হিন্দুস্তান টাইমসও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে।আরব নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিকাল। ডা. জাহিদ হোসেন বলেন, গত তিন দিন ধরে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড এবং অনুমতি মিললেই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার ও দলের নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here