নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আটি ওয়াদা কলোনি বউবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত চারতলা ভবনের নিচতলা থেকে তাকবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাকবির একই এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তাকবিরের বাবা নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যদিও তার ফোনটি চালু ছিল। বহুবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পান বউবাজার এলাকায় ছেলের লাশ পড়ে আছে। নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অচেনা নম্বর থেকে ফোন করে জানানো হয় তাকবিরকে আটকে রাখা হয়েছে এবং ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরিবার টাকা দিতে অসম্মতি জানালে কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর আসে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতেই তাকবিরকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার মুক্তিপণের দাবিতে পাওয়া একটি ফোন নম্বর পুলিশের হাতে দিয়েছে, যা অনুসন্ধান করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
