
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিবাদী মো. জাহেদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে পশ্চিম গোমদন্ডী চান্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ মাস আগে বাদী ওসমানের ভাড়াকৃত একটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করে দেয় বলে অভিযোগ রয়েছে বিবাদী জাহেদের বিরুদ্ধে। পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধার হলে এলাকায় মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। সেখানে জাহেদ প্রতিশ্রুতি দেন যে মোটরসাইকেলের মালিককে পরিশোধিত ভাড়ার টাকা তিনি পরবর্তীতে পরিশোধ করবেন। কিন্তু ঘটনার দিন বাদী ওসমান টাকা চাইলে বিবাদী জাহেদ ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে কিল, ঘুষি, লাথি এবং গাছের বাটাম দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ওসমানকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এছাড়া আইনের আশ্রয় নিতে চাইলে জাহেদ তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন আহত ওসমান।