জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

0
125

জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতির দোরগোড়ায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফিজিক্যাল স্টার্ট-আপ শুরুর আগে সামগ্রিক প্রস্তুতি মূল্যায়নে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা), রাশিয়ার শিল্প ও কর্মক্ষেত্র নিরাপত্তা তদারকি সংস্থা ভিও সেফটি ও অন্যান্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল গত ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রটির বিস্তৃত পরিদর্শন সম্পন্ন করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বায়েরা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর মানবসম্পদ, ব্যবহৃত যন্ত্রাংশ, প্রকল্পের বিভিন্ন সিস্টেম ও ফ্যাসিলিটি এবং প্রয়োজনীয় পরিচালন-সংক্রান্ত নথিপত্র পরিদর্শন দল বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। কমিশনিংয়ের অগ্রগতি, স্থাপনার প্রস্তুতি, স্টার্ট-আপ প্রটোকল ও সনদসমূহও যাচাই করেছে দলটি। ফিজিক্যাল স্টার্ট-আপ তদারকি করেন এনপিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং সমন্বয় করেন প্রধান পরিদর্শক মো. ইয়ামিন আলী। ফিজিক্যাল স্টার্ট-আপ ও জ্বালানি লোডিং পারমাণবিক কেন্দ্র চালুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। এ পর্যায়ে প্রথমবারের মতো রিয়্যাক্টরে জ্বালানি স্থাপন করা হয় এবং পরীক্ষামূলকভাবে সীমিত মাত্রায় পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়, যা পরবর্তী পাওয়ার স্টার্ট-আপে সহায়তা করে। এনপিসিবিএল এমডি ড. জাহেদুল জানান, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আইএইএ-এর দুই দফা প্রি-ওসার্ট মিশনসহ তিনটি বড় আন্তর্জাতিক পরিদর্শন সম্পন্ন করেছে। বায়েরা, ভিও সেফটি ও রাশিয়ার রস্টেকনাদজরের যৌথ পরিদর্শনও শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিত সেলফ অ্যাসেসমেন্ট কার্যক্রমও পরিচালনা করছে। তিনি আরও বলেন, নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ডকে প্রাধান্য দিয়ে ফিজিক্যাল স্টার্ট-আপের প্রস্তুতি যাচাই করা হয়েছে। পরিদর্শক দল এনপিসিবিএলের সুপারিশ বিবেচনা করে প্রয়োজনীয় সমাধানে কাজ করছে। পরিদর্শন শেষে দলটি প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জানিয়ে ড. জাহেদুল বলেন, নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদারে কিছু সুপারিশ দেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়নে এনপিসিবিএল কাজ করছে। এসব কার্যক্রম শেষে বায়েরা-কে প্রতিবেদন পাঠানো হবে। সন্তোষজনক হলে বায়েরা জ্বালানি লোডিংয়ের অনুমোদন দেবে। বায়েরা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান বলেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই ফিজিক্যাল স্টার্ট-আপ প্রস্তুতি মূল্যায়ন সম্পন্ন হয়েছে। রাশিয়ার রেগুলেটরি অথরিটি ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সুপারিশ ইতিবাচক হলে বায়েরা জ্বালানি লোডিংয়ের অনুমতি দেবে। উল্লেখ্য, জ্বালানি লোডিংয়ের জন্য জেনারেল ডিজাইনার, রিঅ্যাক্টর ডিজাইনার, রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউট ও বায়েরা ছাড়াও ভিও সেফটির অ্যাসেসমেন্ট প্রতিবেদনও বাধ্যতামূলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here