বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে মোহাম্মদ কালাম বা লুডু কালামকে আটক করা হয়। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। কালাম ধান গবেষণা রোড এলাকার আব্দুল মোতালেবের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতা কালাম ক্ষমতার দাপটে এলাকার মানুষের ওপর জুলুম ও দখলদারিত্ব চালাতেন। ওসি মিজানুর রহমান জানিয়েছেন, এসব বিষয়ে লিখিত অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

