**গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে ১০০ ঘর পুড়ে ছাই**

0
136

গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রায় ১০০টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি হওয়ায় ব্যর্থ হন। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরবর্তীতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। বাড়ির মালিক রুমেল পাঠান জানান, পুরো কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পোশাক শ্রমিক শাহ আলম বলেন, “আমি অফিস থেকে শুনে বাড়িতে এলাম, দেখলাম সব পুড়ে ছাই হয়ে গেছে; আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচেনি।” ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, “কয়েক দিন আগে বেতন পেয়েছিলাম, সব টাকা রুমে ছিল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।” স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা জানান, “আমরা চেষ্টা করেছি আগুন নেভাতে, কিন্তু তীব্রতা এত বেশি ছিল যে সহজ হয়নি। রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসও দেরি করতে হয়েছে।” কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানানো সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here