বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ ধরা পড়েছে ‘এফবি রাইসা’ নামের ট্রলারে। এসব মাছ বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মণপ্রতি ২৬ হাজার টাকায় বিক্রি হয়ে মোট ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে এসব মাছ ‘সাইফ ফিশ’ আড়তে বিক্রি করা হয়। মাছগুলো সোমবার (১৭ নভেম্বর) কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ধরা পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘এফবি রাইসা’ ট্রলারটি ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলের সঙ্গে সমুদ্রে যাত্রা শুরু করে। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে এই বিপুল ইলিশ ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩০০–৪০০ গ্রাম। মাঝি মাসুদ বলেন, “১৪ নভেম্বর আমরা মাছ ধরতে সমুদ্রে যাই। তিন-চার দিনে মাত্র ৪০০ পিস মাছ ধরা পড়েছিল। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষার পর জাল তুলতেই দেখি ইলিশের সমাহার। একটানা আনুমানিক ১৮ হাজার ইলিশ ধরা পড়ল। দীর্ঘদিন কম মাছ পাওয়ায় জীবনযাপন কষ্টকর ছিল, তাই হঠাৎ এত বড় ধনসম্পদ পেয়ে আমরা খুব খুশি।” ট্রলারের মালিক রুবেল জানান, “দীর্ঘদিন সাগরে মাছ কম ধরা পড়ছিল, লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের ক্ষতি কিছুটা পূরণ করতে পারব।” আড়তদার মোস্তফা আলম বলেন, “আমার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। এর আগে অন্য ট্রলারে প্রায় ১৫০ মণ ইলিশ বিক্রি করেছি। জেলেরা মাছ পেয়ে খুশি, সেটা দেখে আমরাও আনন্দিত।” বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে বিএফডিসিতে কাঙ্ক্ষিত ইলিশ দেখা যেত না। হঠাৎ এক ট্রলারে ২০০ মণ ইলিশ ধরা পড়ায় আমরা সবাই খুশি।”

