বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স দূতাবাস থেকে পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেকও বৈঠকে উপস্থিত ছিলেন। আমিরের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। আমিরে জামায়াত ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
