গাজীপুরের বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা–শ্রীপুর শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে শাখার সাইনবোর্ড ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র অগ্নিদগ্ধ হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, শাখা ব্যবস্থাপকের ফোন পেয়ে তিনি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তিনি বলেন, “ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত কাটান। রাত আড়াইটার দিকে ৭–৮ জন যুবক হঠাৎ এসে পরপর তিনটি পেট্রোল বোমা ছোড়ে।” তিনি আরও জানান, একটি বোমা সীমানা প্রাচীরের ভেতরে এবং দুটি প্রাচীর ঘেঁষে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তিতে সাইনবোর্ড ও জানালার কাঁচ ভেঙে কিছু আগুন ভেতরে প্রবেশ করে, যার ফলে সাইনবোর্ডসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি। কেউ আহতও হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল ব্যবস্থা জোরদার থাকায় বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে বোমায় ব্যবহৃত বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

