চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন

0
232

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই মহাসড়ক এখন ভয়াবহ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, জীবন হারাচ্ছেন বহু মানুষ। অথচ এই সড়কটি দেশের পর্যটন শিল্প ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। বক্তারা জানান, নামমাত্র মহাসড়ক হলেও বাস্তবে এটি একটি ২ লেনের আঞ্চলিক সড়ক; ১৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ জায়গার প্রস্থ মাত্র ১৭ থেকে ২২ ফুট। অপ্রশস্ত সড়ক, বিভাজক না থাকা, বিপদজনক বাঁক, দুই পাশে ঘন জঙ্গল এবং নিচু-আকাবাঁকা পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন প্রায় ২০ হাজার গাড়ি চলাচল করে। কিন্তু এত যানবাহন বহনের মতো সক্ষমতা এই সড়কের নেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য তুলে ধরে বক্তারা জানান, লোহাগড়া উপজেলার চুনতি–জাঙ্গালিয়া দুই কিলোমিটার অংশে গত এক বছরে ৮৬টি দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানি হয়েছে ৩৭ জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম এ হাসেম রাজু, মোহাম্মদ ফারুক, হুসাইন মোহাম্মদ মাসুম, ইব্রাহিম ফারুক সিদ্দিকী, আবু উবাইদা, মো. রাসেল ও শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজদ-ই-দ্বীন এবং তমিম মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here