বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছেন রেলকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজের মাঝামাঝি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বগুড়া স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, রাতের আঁধারে এ ধরনের নাশকতা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারত। তারা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে যে দুটি ফিশপ্লেট খোলা রয়েছে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তা ঠিক করা হয়। তিনি আরও বলেন, “অল্পের জন্য আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। এটি নিঃসন্দেহে ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়।”

