প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো (খেলোয়াড়) সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। তবে খেলোয়াড়রা যদি নিয়ম মেনে না চলে বা সহযোগিতা না করে, তাহলে কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে, যা পুরো নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও রাজধানীজুড়ে পোস্টারে ছেয়ে গেছে। এটি অনভিপ্রেত। যদি দলগুলো নিজেরা উদ্যোগ নিয়ে পোস্টার সরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ।” আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না বলেও সতর্ক করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষ পরিস্থিতি ও বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কারণে কমিশনের ওপর নানা চাপ রয়েছে। তাই আগের চেয়ে আরও বেশি সহযোগিতা দরকার সব অংশীজনের কাছ থেকে। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অপব্যবহার এখন এক বড় মুসিবত বা বিপদের রূপ নিয়েছে।”

