আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯১৪ টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। ইতোমধ্যে ১৭৮ টন কাগজ নির্বাচন কমিশনে সরবরাহ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে সবুজ, গোলাপি, এজুরলেইড ও বাদামি সালফেট ধরনের মোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি, যার বাজারমূল্য প্রায় ১১.১১ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে সব কাগজ সরবরাহ করা হবে বলে জানান তিনি। এ ছাড়াও চলতি অর্থবছরে কেপিএমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টন, যার বাজারমূল্য প্রায় ৪০-৪৫ কোটি টাকা। এ পর্যন্ত উৎপাদিত হয়েছে ১০৯৩ টন কাগজ। সরকারি বিভিন্ন দপ্তর, যেমন নির্বাচন কমিশন, বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে—যার বাজারমূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। এর মধ্যে ৮ নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৯২৩ টন কাগজ। ১৯৫৩ সালে ৬৮ একর কারখানা ও ৪৩১ একর আবাসিক এলাকা নিয়ে প্রতিষ্ঠিত কর্ণফুলী পেপার মিল এক সময় ছিল উপমহাদেশের সবচেয়ে বড় কাগজ কল। সাত দশক পেরিয়ে বয়সের ভারে নুয়ে পড়লেও প্রতিষ্ঠানটি এখনো উৎপাদন অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের সহায়তা ও উন্নয়ন উদ্যোগ পেলে কর্ণফুলী পেপার মিলস আবারও ফিরে পাবে তার পুরোনো গৌরব।

