**৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল**

0
137

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-য় গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে স্মারকলিপি জমা দিতে পল্টন থেকে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করলে মৎস্য ভবন এলাকায় পুলিশ আট দলীয় নেতাকর্মীদের বাধা দেয়। তবে পরবর্তীতে একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করে। দিনের শুরুতে শাপলা চত্বরে সমবেত হয় জামায়াতসহ আটটি দল এবং সেখান থেকে পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করে। পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের নেতাকর্মীরা অংশ নেন। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, *“প্রয়োজনে জীবন দেব, তবুও জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।”* সমাবেশ শেষে আট দলের প্রতিনিধিদল যমুনার উদ্দেশে রওনা হয়ে প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি পেশ করে। **জামায়াতসহ আট দলের পাঁচ দফা দাবি:** ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে তার ওপর গণভোটের আয়োজন। ২. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here