**সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ**

0
180

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছি। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন—যেমন খালেদা জিয়া—তাদের সম্মানে কিছু আসনে হয়তো আমরা প্রার্থী দেব না। এছাড়া সর্বাধিক আসনে আমরা ‘শাপলা কলি’র পক্ষে প্রার্থী দিচ্ছি।” বাংলাদেশের নির্বাচনের বর্তমান সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। দেশে নির্বাচনের যে প্রথা চলে, সেখানে যারা অর্থশক্তিশালী এবং এলাকার ‘গডফাদার’ তাদের প্রাধান্য পায়। আমরা সেই সংস্কৃতিকে এবার বদলাতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য সাধারণ মানুষকেই আমরা সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।” অন্য দলের সঙ্গে জোটের বিষয়ে নাহিদ ইসলাম জানান, “যদি রাজনৈতিক বা আদর্শিক মিল থাকে, তখন জোটের বিষয়ে আলোচনা হতে পারে। উদাহরণস্বরূপ, জুলাই সনদের সংস্কারের বিষয়গুলোতে যদি কোনো দল একমত প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোট বিবেচনা করব।” তিনি আরও জানান, এই মাসের ১৫ তারিখের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here