ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দেশজুড়ে এখন ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। সেই আতঙ্ক আর হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। নিজের ফেসবুক প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন গত সপ্তাহের সেই কঠিন সময়ের কথা। মিষ্টি লেখেন, “এই দরজার সামনে আল্লাহ যেন আর কখনো না দাঁড় করান। এটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ংকর ও কষ্টের সময় (২৭ অক্টোবর ২০২৫)। ওই দরজার ভেতরে ঢোকার আগে সে আমাকে বলেছিল, ‘আমাকে ক্ষমা করে দিও।’ শুনেও আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি, ভান করেছি যেন কিছুই হয়নি—আর হবেও না ইনশাআল্লাহ। এখন ভাবলে নিজেই অবাক হই, আমি তখন এতটা দৃঢ় ছিলাম কীভাবে।” তিনি আরও লিখেছেন, “আমি বিশ্বাস করতাম, আল্লাহ আমাকে সবরের পরীক্ষা নিচ্ছেন, আর আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবো ইনশাআল্লাহ। কিন্তু তার পাশে থাকা অবস্থায় ভয়ও পেয়েছি, মনে মনে ভাবছিলাম, তার জীবন কতটুকু বাকি—সেটা তো কেবল আল্লাহই জানেন। সারাক্ষণ দোয়া আর জিকিরে কাটিয়েছি সেই দুঃসহ সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেই আমরা সেই ঝুঁকি পেরিয়ে এসেছি। তিনি মহান, পরম দয়ালু। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা কখনো ভুলে থাকা যায় না—আমার জন্য সেটি ছিল তেমনই এক সময়। হয়তো এই ট্রমা কাটিয়ে উঠতে আরও সময় লাগবে।”
